অভ্যন্তরীণ সংকট প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: বিশ্বব্যাংক

চলতি অর্থবছর শেষে (২০১৩-১৪) মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৭ শতাংশ অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ নানা সংকটের কারণেই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আজ বুধবার দুপুরে আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি’ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
এতে বক্তব্য দেন সংস্থাটির বাংলাদেশ-প্রধান ইউহা নেস জাট। এ সময় বিশ্বব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জাতীয় বাজেটে সরকার চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বিশ্বব্যাংকের অভিমত, বছর শেষে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এর আগে আন্তর্জাতিক অপর দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বছর শেষে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক দুই সংস্থার প্রাক্কলিত প্রবৃদ্ধি কাছাকাছি অবস্থানে রয়েছে।
প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ সম্পর্কে বিশ্বব্যাংক বলছে, এটি মূলত নির্ভর করছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সংস্কার কার্যক্রমের অগ্রগতির ওপর। পাশাপাশি এ বছর বিরাজমান রাজনৈতিক সংকট প্রবৃদ্ধি অর্জনে কষ্টসাধ্য হবে। যদি রাজনৈতিক সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হয়ে যায় তাহলে বিনিয়োগ, সংস্কার কার্যক্রম, প্রবৃদ্ধি সবগুলোর পুনরুদ্ধার দেখা যাবে।
তৈরি পোশাক খাতের সংকট, প্রবাসী-আয় কমার ঝুঁকি ও রাজনৈতিক অস্থিতিশীলতা শিল্প এবং সেবা খাতের প্রবৃদ্ধিকে শ্লথ করার পাশাপাশি জাতীয় প্রবৃদ্ধি কমিয়ে দেবে বলে মনে করছে বিশ্বব্যাংক।
সংস্থাটি আরও বলছে, অভ্যন্তরীণ কারণে মূল্যস্ফীতি আবারও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে উত্পাদন ও সরবরাহ ব্যবস্থায় যদি কোনো ধরনের অসুবিধা হয়, তা হলে শহরাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নির্বাচনের কারণে রাজস্ব নীতি বাস্তবায়নে চাপ তৈরি হতে পারে। পাশাপাশি আর্থিক খাতের সুশাসনের অভাব, জনশক্তি রপ্তানি কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
অন্যদিকে বৈদেশিক মুদ্রার বর্তমান মজুদকে সন্তোষজনক বলে অভিহিত করে বিশ্বব্যাংক বলছে, আন্তর্জাতিক বিভিন্ন সূচকের মাপকাঠিতে এই মজুদ এখনো অতিরিক্ত পর্যায়ে পৌঁছায়নি।