অভ্যন্তরীণ সড়ক বেহাল ভরাট হয়ে গেছে নালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগরের অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল। এ ছাড়া সেখানকার পয়োনিষ্কাশন নালাগুলোও ভরাট হয়ে গেছে।বিসিকের কর্মকর্তা, শিল্পমালিক ও শ্রমিকেরা জানান, ফেনী শহরের অদূরে উত্তর চাড়িপুর গ্রামে ১৯৬২ সালে ২৫ দশমিক শূন্য ৪ একর জমির ওপর ফেনী বিসিক শিল্পনগর গড়ে ওঠে। এখানকার ৪৪টি কারখানার মধ্যে ৩৮টি চালু আছে। তিনটি কারখানার সব কাজ শেষ হলেও গ্যাস-সংযোগ না পাওয়ায় সেগুলো চালু করা যাচ্ছে না। এ ছাড়া আরও তিনটি কারাখানা রুগ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, বিসিক শিল্পনগরের ছয়টি অভ্যন্তরীণ সড়ক খানাখন্দে ভরা। বিসিক সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরে অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের জন্য এক কোটি টাকা চেয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। কিন্তু বরাদ্দ পাওয়া যায় মাত্র পাঁচ লাখ টাকা। ওই টাকা দিয়ে একটি সড়কের সামান্য অংশের সংস্কার করা হয়। এ ছাড়া অভ্যন্তরীণ পয়োনিষ্কাশন নালাগুলো গত কয়েক বছরে পুরোপুরি ভরাট হয়ে গেছে। এতে বর্ষার সময় সড়ক ও নালাগুলো একাকার হয়ে যায়।বিসিক সূত্র জানায়, বিসিক শিল্পনগরের নলকূপটি ১৯৬২ সালে মাত্র ৮০ ফুট গভীরতায় বসানো হয়। বর্তমানে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এতে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এটি থেকে পানি ওঠানো যায় না। শিল্পমালিকেরা নিজ নিজ কারখানায় গভীর নলকূপ স্থাপন করে বিসিকের দেওয়া পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বর্তমানে বিসিক ব্যবস্থাপকের কার্যালয়েও পানি নেই। বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের পাশের কারখানা থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হয়।জানা গেছে, হোসেন অ্যালুমিনিয়াম, মধুমেলা বিস্কুট অ্যান্ড ব্রেড ও মদিনা ফুড নামের তিনটি কারখানার কর্তৃপক্ষ দুই বছর আগে সব ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করেছে; কিন্তু গ্যাস-সংযোগ না পাওয়ায় সেগুলো উৎপাদনে যেতে পারছে না।হীরা বিস্কুট অ্যান্ড ব্রেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ভুঁঞা বলেন, অভ্যন্তরীণ সড়ক সংস্কার ও নালাগুলো পরিষ্কার করা খুবই জরুরি।ফেনী বিসিকের ব্যবস্থাপক আজগর আলী বলেন, ২০১২-১৩ অর্থবছরে সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে এক কোটি টাকা চেয়ে পাওয়া গেছে মাত্র পাঁচ লাখ টাকা। অর্থ বরাদ্দের জন্য আবারও চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার ও নালাগুলো পরিষ্কার এবং গভীর নলকূপটি পুনঃস্থাপন প্রয়োজন।