অভ্যর্থনা জানাতে চার ঘণ্টা দাঁড়িয়ে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টির (জাপা) সভায় অতিথিদের অভ্যর্থনা জানাতে গতকাল শনিবার দুপুর থেকে সাড়ে চার ঘণ্টা পৌরসভার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি কলেজের ছাত্রছাত্রীদের রোদে দাঁড় করিয়ে রাখা হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
জানা গেছে, গতকাল সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। দলের স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। সভায় দলের মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা তিনটায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে পাঁচটায় এরশাদসহ দলের নেতারা সভামঞ্চে আসেন।
পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা জানান, শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ করে বেলা একটায় ছাত্রছাত্রীদের সভাস্থলে নিয়ে আসা হয়। যেসব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানাতে নিয়ে আসা হয়, সেগুলো হলো: তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরপত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ এবং সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ।
তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নওরীন আক্তার, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মারিয়া ফারজানা ও দরপত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শুভ হোসেন জানায়, বিদ্যালয় ছুটি ঘোষণা করে তাদের বেলা একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যে সভাস্থলে দাঁড় করিয়ে রাখা হয়। দুপুরে খাবার না পেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে।
দরপত গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক আলমগীর হোসেন বলেন, শিশুদের এভাবে কষ্ট দিয়ে নেতারা কি সুখ পান। তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন বলেন, ‘নেতাদের অনুরোধে কিছু ছাত্রছাত্রীকে আমরা এখানে নিয়ে এসেছি। তবে যে শিক্ষার্থীরা এখানে এসেছে, তাদের দুটি বিষয়ে আজ (গতকাল) পাঠদান দেওয়া সম্ভব হয়নি।’ সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্যসচিব শামসুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি।
পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, সাংসদের নির্দেশে শিক্ষার্থীরা এখানে এসেছে। তবে তাদের এভাবে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি।
সাংসদ লিয়াকত হোসেনের সঙ্গে সভা শেষে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল বলেন, ‘শিক্ষার্থীদের কোনো সভায় নিয়ে দাঁড় করিয়ে না রাখার জন্য সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা এ ক্ষেত্রে আমার কোনো অনুমতি নেননি।’
উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব বলেন, ‘শিক্ষার্থীদের সরকারের নিয়মনীতি লঙ্ঘন করে ওই সভায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিষ্ঠানের প্রধানদের আমি নিষেধ করেছিলাম। কিন্তু তাঁরা আমার নির্দেশ মানেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞা বলেন, যে শিক্ষকেরা সরকারের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের সেখানে নিয়ে গেছেন, তাঁরাই এর জন্য দায়ী।