অভ্যর্থনা দিতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর ঘটনায় মামলা
অভ্যর্থনা, সংবর্ধনা, শোভাযাত্রা ও দিবস পালনের নামে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে সুনামগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা হয়েছে।সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নিলয় দাসের বাবা নিবারণ চন্দ্র দাস গতকাল সোমবার এ মামলা করেন। মামলায় জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সুনামগঞ্জ পৌর শহরের ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনটি কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।মামলায় এসব কর্মসূচির বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসবের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞারও আবেদন করা হয়। বিচারক উৎপল চৌধুরী মামলাটি আমলে নিয়ে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না, এ মর্মে ১০ দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।মামলায় উল্লেখ করা হয়েছে, ২৪ জানুয়ারি বাদীর ছেলে নিলয় দাসসহ উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বর্জন করে তাদের সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠানের নামে খোলা আকাশের নিচে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। ওই দিন প্রচণ্ড রোদ ছিল। নিলয় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। দুই দিন সে পড়ালেখা করতে পারেনি। এভাবে বিভিন্ন অনুষ্ঠান-দিবসে ভিআইপি ও ভিভিআইপি বরণের নামে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি অমানবিক।