অভ্যর্থনা না নিয়ে শিশুদের ক্লাসে পাঠালেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে ১০টা। জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিদ্যালয়ের প্রধান ফটকে গাড়ি থেকে নেমে দেখেন, শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। শিশুদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মনঃক্ষুণ্ন হন তিনি। শিক্ষকদের ডেকে তাদের ভেতরে নিয়ে যেতে বলেন। পরে তিনিও শিক্ষার্থীদের ক্লাসে যেতে বলেন।
জয়পুরহাটের আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) উচ্চবিদ্যালয়ের ফটকে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বিদ্যালয়ে যান সাংসদ। পরে এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘আল মাহমুদ স্বপনের মতো সারা দেশের জনপ্রতিনিধিদের একই আচরণ হওয়া উচিত।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আল মাহমুদ স্বপন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শুধু দলীয় গুণকীর্তন করলেই চলবে না। আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কান্ডারি। এরাই বড় হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম কেরামত আলী।
প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডল জানান, সাংসদ বিদ্যালয়ে ক্রীড়াসামগ্রী দেওয়া ও মাঠ সংস্কারের ঘোষণা দিয়েছেন।