অভয় বাজে হৃদয় মাঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অভয় বাজে হৃদয় মাঝে’ শিরোনামে ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয়ে গেল আবৃত্তিশিল্পী এহ্তেশামুল হক ও তাসকিয়াতুন-নূরের আবৃত্তি অনুষ্ঠান। সুচয়ন ললিতকলা কেন্দ্র ও চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।
আল মাহমুদের ‘কবিতার কথা’ দিয়ে শুরু করেন এহ্তেশামুল হক। তারপর পাঠ করেন পাঁচটি কবিতা। তাসকিয়াতুন-নূর তানিয়া শুরু করেন মারুফ রায়হানের ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’ কবিতাটির মাধ্যমে। তিনি ‘গেরিলা-৭১’, ‘শিয়রে বাংলাদেশ’, ‘একুশের স্বীকারোক্তি’, ‘গর্জে ওঠো স্বাধীনতা’ শিরোনামে বেশ কয়েকটি কবিতা শোনান।
এরপর আবার মঞ্চে আসেন এহ্তেশামুল হক। আবৃত্তি করেন শামসুর রাহমানের ‘বাইবেলের কালো অক্ষরগুলো’, কাজী নজরুল ইসলামের ‘এক বৃন্তে দুটি কুসুম’সহ বেশ কয়েকটি কবিতা। শেষ করেন রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতার মাধ্যমে। এরপর পরিবেশনা নিয়ে আবার মঞ্চে আসেন তাসকিয়াতুন-নূর। আবৃত্তি করেন ‘শাপলা চত্বর’, ‘ঘরে না ফেরা’, ‘প্রতিধ্বনি’ শিরোনামের কবিতাগুলো। শেষ করেন মোহাম্মদ রফিকের ‘দেখ আজ’ কবিতা দিয়ে। অনুষ্ঠান শেষে শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ আবৃত্তি সংগঠনের নির্বাহী সদস্য মাহবুবুর রহমান।