অভয়নগর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজামেঞ্চল হক।প্রায় ১০ বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সাংসদ শেখ আবদুল ওহাব সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনের পর থেকে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে নেতা-কর্মীরা সক্রিয় থাকলেও বেশির ভাগ সময় তাঁরা ছিলেন নিষ্ক্রিয়। তাঁরা জানান, সংসদ নির্বাচনের পর থেকে দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করায় এবং একশ্রেণীর সুবিধাভোগীকে সুযোগ-সুবিধা প্রদান করায় দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। এই অবস্থায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা ওলিয়ার রহমান বলেন, আওয়ামী লীগ বড় দল। তার পরও দলের মধ্যে তেমন কোনো সমস্যা নেই। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। এনামুল হক বলেন, দলে কোনো সমস্যা নেই। সম্মেলনের জন্য কাউন্সিলররা উদগ্রিব হয়ে আছেন।