অভয়নগর ও জাজিরায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চার যাত্রী নিহত এবং অপর চারজন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে উপজেলা সদরের নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
একই দিন বিকেল পাঁচটার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাসের চাপায় একটি বেবিট্যাক্সির দুজন নিহত চার যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একটি ইজিবাইক অভয়নগর উপজেলা সদরের নওয়াপাড়া থেকে সাতজন যাত্রী নিয়ে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার ফুলতলায় যাচ্ছিল। তিনটার দিকে ইজিবাইকটি নওয়াপাড়া পীরবাড়ির সামনে পৌঁছালে খুলনা থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে চাপা দেয়।
ঘটনাস্থলে ইজিবাইকের চালক উপজেলার রাজঘাট গ্রামের রনি শেখ (৩০), গাজীপুর গ্রামের বদিয়ার রহমান (৩৭), খুলনার ফুলতলার উত্তরডিহি গ্রামের রোকেয়া বেগম (৪০) এবং নড়াইলের আগারহাট গ্রামের মিঠু রানী বিশ্বাস (৩২) নিহত হন। আহত হন ওই যানটির আরও চারজন যাত্রী। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তাঁর সহকারী মহাসড়কের ওপর ট্রাক রেখে পালিয়ে যান। এতে যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নওয়াপাড়ার হাইওয়ে থানার পুলিশ ওই ট্রাক এবং দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি থানায় নিয়ে গেলে পুনরায় যান চলাচল শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, ট্রাকটির চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে জাজিরা উপজেলার রূপবাবুর হাট এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি বেবিট্যাক্সির সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই বেবিট্যাক্সির যাত্রী সেলিম মাদবর (৫০) ও দুলাল মোল্লা (৪০) মারা যান। তাঁরা জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের বাসিন্দা। আহত হন বেবিট্যাক্সির আরও চারজন যাত্রী। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুজনকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাজিরা থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।