অভয়নগর ও মনিরামপুরে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান জলমগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলায় ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ৪৬টি প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোতে বিকল্প ব্যবস্থায় পাঠদান করা হচ্ছে।

মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্র জানায়, এ উপজেলায় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে রয়েছে কলেজ ৫টি, মাধ্যমিক বিদ্যালয় ৩২টি, মাদ্রাসা ১২টি ও প্রাথমিক বিদ্যালয় ১১টি। উপজেলার হাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর চন্দ্র হালদার বলেন, ‘বিদ্যালয়ের মাঠে হাঁটুজল। যেকোনো সময় শ্রেণিকক্ষে জল উঠে যাবে। এর মধ্যে ক্লাস করছি। তবে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে।’

দিগঙ্গা-কুচলিয়া-হরিদাসকাঠি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কান্তি সরকার বলেন, ‘বিদ্যালয় ভবনটি দোতলা। নিচতলায় চার-পাঁচ ইঞ্চি জল। দোতলায় অর্ধবার্ষিক এবং দশম শ্রেণির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে কাল থেকে সেটা নেওয়া সম্ভব হবে কি না, জানি না।’

অভয়নগরেরর পিআইওর দপ্তর সূত্র জানায়, অভয়নগর উপজেলায় তিনটি প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে একটি মাধ্যমিক ও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। ডুমুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ বৈরাগী বলেন, ‘শ্রেণিকক্ষে হাঁটু পরিমাণ জল। এই জন্য প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে।’

গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। এ সময় কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। যশোর আবহাওয়া অফিস গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বুধবার বেলা তিনটা পর্যন্ত ৩৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।