অভয়নগর থেকে অপহৃত শিশু মাদারীপুরে উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রেলবস্তি থেকে অপহৃত শিশু শান্ত হোসেনকে (৮) তিন দিন পর গতকাল মঙ্গলবার মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার শিশুটির সৎবাবা মাসুদ শেখ (২৫) তাকে অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। মাসুদের বাড়ি নওয়াপাড়া ইউনিয়নের নওদা গ্রামে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে বাঘারপাড়া উপজেলার খলশিতলা গ্রামের শাহানাজ বেগমের (২৮) সঙ্গে বিয়ে হয় যশোরের নওদা গ্রামের মাসুদ শেখের। শাহানাজের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর আগের ঘরের সন্তান শান্তকে নিয়ে তাঁরা যশোরে খয়েরতলা এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। বিয়ের কিছুদিন পর থেকে মাসুদ যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন শুরু করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, পুলিশ তিন দিন ধরে চেষ্টা চালিয়ে শান্তকে উদ্ধার করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, মোবাইল ফোন ট্র্যাকিং করে মাদারীপুর সদর থানার রাজৈর গ্রামের কুদ্দুস হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মাসুদ শেখ পালিয়ে যান। এ ঘটনায় অভয়নগর থানায় শিশু অপহরণ আইনে গতকাল মামলা হয়েছে।