অভয়নগরে অস্ত্রসহ একজন আটক পরিবারের অভিযোগ ষড়যন্ত্রমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে গত শনিবার রাতে অভিযান চালিয়ে র‌্যাব খুলনা-৬-এর সদস্যরা সিরাজুল ইসলাম বিশ্বাস (৪২) নামের এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাঁর বাড়ি তল্লাশি করে একটি দোনলা কাটাবন্দুক উদ্ধার করে। র‌্যাব সূত্র জানায়, একটি ছিনতাইকারী চক্র বড় ধরনের ছিনতাইয়ের চক্রান্ত করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব খুলনা-৬-এর সদস্যরা গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশরহাটি গ্রামের মুদি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা তাঁর ঘরের সিঁড়ির পাশে নীল রঙের থলের মধ্য থেকে একটি দোনলা কাটাবন্দুক উদ্ধার করে। এ ঘটনায় বাড়ির মালিক সিরাজুল ইসলাম বিশ্বাসকে আটক করে ওই রাতেই তাঁকে অভয়নগর থানায় সোপর্দ করে র‌্যাব। সিরাজুল ইসলামের বাবা আলী হোসেন বিশ্বাস (৬৮) অভিযোগ করেন, স্থানীয় একটি চক্রের সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিষয়ে শত্রুতা রয়েছে। এরই জের ধরে বাড়িতে অস্ত্র রেখে ষড়যন্ত্রমূলকভাবে র‌্যাব দিয়ে তাঁর ছেলেকে ধরিয়ে দেওয়া হয়েছে। ওই চক্রের হাত থেকে রেহাই পেতে ২০১০ সালের ২৭ ডিসেম্বর তিনি অভয়নগর থানায় একটি জিডিও করেছিলেন। র‌্যাব খুলনা-৬-এর বিশেষ কোম্পানি কমান্ডার মীর মোদাচ্ছের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি থেকে একটি দোনালা কাটাবন্দুক উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী হলেও তাঁর বিরুদ্ধে সন্ত্রাসীদের অস্ত্র জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।