অভয়নগরে আ.লীগ নেতাকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার মাগুরা বাজারে কুপিয়ে ও বোমা মেরে চৈতন্য কুমার মণ্ডল ওরফে মধু (৪৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর তাঁর দোকান সবুজ মেডিকেল হলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে তাঁর লাশ পুড়ে গেছে। গতকাল রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
চৈতন্য কুমার মণ্ডল পল্লি চিকিৎসক ছিলেন। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও মাগুরা বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও মাগুরা বাজার কমিটির কোষাধ্যক্ষ চৈতন্য কুমার মণ্ডল রাত আটটার দিকে মাগুরা বাজারে তাঁর ওষুধের দোকানে ছিলেন। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী মেসবাউর রহমান ২০-২৫ জনের একটি সশস্ত্র দল নিয়ে সবুজ মেডিকেল হল ঘেরাও করেন। তাঁরা দোকানে ঢুকে চৈতন্যকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেন। চলে যাওয়ার সময় তাঁরা দোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং দোকানের শাটার বন্ধ করে দেন। তাঁরা আরও ১০-১২টি বোমা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় মুহূর্তে বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিন মাস আগে চৈতন্যের কাছে মেসবাউর চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁকে পিটিয়ে ও তাঁর বড় ভাই কার্তিক মণ্ডলকে বোমা মেরে আহত করেন। এ ঘটনায় যশোরের এএসপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাগুরা বাজারে সন্ত্রাসবিরোধী সভা হয়। সভায় মেসবাউরকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন বলেন, সন্ত্রাসী মেসবাউরকে আটকের চেষ্টা করা হচ্ছে।