অভয়নগরে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
যশোরের অভয়নগর উপজেলায় আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী রাজু আহমেদকে গত বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান সাজিদ ট্রেড ইন্টারন্যাশনাল বন্ধ করে রাত ১১টার দিকে এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পুড়াখালী গ্রামের বাড়িতে ফিরছিলেন রাজু আহমেদ। নওয়াপাড়া ফেরিঘাটে নৌকায় করে ভৈরব নদী পার হয়ে পন্টুনে ওঠার পরপরই চার-পাঁচজন সন্ত্রাসী রাজুর কপালে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি পন্টুনের ওপর পড়ে গেলে সন্ত্রাসীরা তাঁর বুকে গুলি করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা পরপর চার-পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী রাজুকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত রাজু পুড়াখালী গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি উপজেলার নওয়াপাড়ায় বহুল আলোচিত ৭৪ হাজার বস্তা চিনি মজুদের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন। রাজুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা হাসপাতালে যান। ওই রাতেই এবং গতকাল শুক্রবার সকালে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলাও হয়নি।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত রাজুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর মামলার বিষয়টি চূড়ান্ত হবে।