অভয়নগরে আ.লীগ নেতাকে লক্ষ্য করে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক ওরফে বাবুলকে লক্ষ্য করে গতকাল বুধবার ভোরে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বোমার স্প্লিন্টারের আঘাতে তিনি আহত হয়েছেন।
এনামুল হক বলেন, ভোরে উপজেলা পরিষদের মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে পায়ে হেঁটে বের হন। ৫০ গজ দূরে যশোর-খুলনা মহাসড়কে ওঠার আগে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে।
বোমাগুলো তাঁর গায়ে না লেগে পাশেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় তিনি দৌড়ে মসজিদে আশ্রয় নেন। তবে স্প্লিন্টারের আঘাতে তিনি সামান্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে দুই সন্ত্রাসী মোটরসাইকেলে করে খুলনার দিকে চলে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহমেদ বলেন, ‘ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। সন্ত্রাসীদের ধরার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ গতকাল সকালে উপজেলা সদর নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ৭২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারলে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। এ সময় তাঁরা প্রায় ৩০ মিনিট যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।
ঘটনার প্রতিবাদে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতি ও নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদ আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত নওয়াপাড়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার এবং নওয়াপাড়ায় বার্জ, কার্গো, রেল ওয়াগন, ট্রাক ও ট্যাংকলরি থেকে সব ধরনের পণ্য ওঠানো-নামানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ ও নওয়াপাড়া ইনস্টিটিউট বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে।