অভয়নগরে আউশ ধানের ভালো ফলন, কৃষক খুশি
যশোরের অভয়নগর উপজেলায় এবার আউশ ধানের ভালো ফলন হয়েছে। কৃষকেরা বলছেন, এবার মৌসুমের শুরুতে আবহাওয়া আউশ ধানের সহায়ক ছিল না। পরে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার তিন হাজার ৯৭০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়। এর মধ্যে উচ্চফলনশীল জাতের ধান (উফশী) তিন হাজার ১৩৫ হেক্টর, স্থানীয় জাতের ৪৬৫ হেক্টর ও হাইব্রিড জাতের ধান ৩৭০ হেক্টর। কিন্তু গত বছর চার হাজার ২৩০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, ‘এবার আমরা অনেক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ দিয়েছি। অনেক কৃষককে নগদ টাকাও দেওয়া হয়েছে।’
সড়াডাঙা গ্রামের কৃষক বিপুল হালদার এবার পাঁচ বিঘা জমিতে আউশ ধানের চাষ করেন। ধানের ফলনও ভালো হয়েছে। তিনি বলেন, ‘আমি তিন বিঘা জমিতি দেশি হাইব্রিড (এসএলইটএইচ) ও দুই বিঘা জমিতি নাতল (রাতুল) ধানের চাষ করিছি। ধানও পাইছি খুব ভালো। তবে সরকারি কোনো সহায়তা পাইনি।’ একই গ্রামের কৃষক তপন সরকার বলেন, ‘সাড়ে তিন বিঘা জমিতে আউশ চাষ করে ৩৬ মণ ধান পেয়েছি। এবার ফলন খুব ভালো। তবে সরকারিভাবে কোনো সহায়তা আমাকে দেওয়া হয়নি।’
সুন্দলী গ্রামের কৃষক প্রসন্ন বিশ্বাস বলেন, ‘পৌনে বিঘা জমিতে এবার আউশ ধানের চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে।’
বগুড়াতলা গ্রামের কৃষক তৈয়েবুর রহমান বলেন, ‘তেরো কাঠা জমিতি আউশের চাষ করিছি। খুব ভালো ধান হয়েছে এবার। ধান এখনো কাটা শুরু করিনি। কয়েক দিনের মধ্যে ধান কাটা শুরু করব। তবে সরকারিভাবে কোনো বীজ, সার বা নগদ টাকা পাইনি।’ কোদলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, ‘আমি দেড় বিঘা জমিতি আউশ করিছি। ধান ফুলে িশষ বার হচ্ছে। শুনিছিলাম সার, বীজ ও নগদ টাকা পাব। কিন্তু কিছুই পাইনি।’