অভয়নগরে ইফতারি খেয়ে ২০০ জন অসুস্থ, শিশুর মৃত্যু
যশোরের অভয়নগর উপজেলার বিভাগ্দী গ্রামে গত বুধবার ইফতারি খেয়ে নারী ও শিশুসহ অন্তত ২০০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে রিকাবুল ইসলাম নামের এক শিশু গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে মারা গেছে।গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, বিভাগ্দী গ্রামের কলোনি জামে মসজিদে বুধবার সন্ধ্যায় দেড় শতাধিক মুসল্লি ইফতার করেন। মসজিদ থেকে গ্রামের অনেকের বাড়িতেও ইফতারি পাঠিয়ে দেওয়া হয়। ইফতারির মধ্যে ছিল ছোলা, খেজুর, খিচুড়ি, চিড়া, শসা, পেঁয়াজু, বেগুনি ও আলুর চপ। ইফতারি খাওয়ার পর রাত থেকেই অনেকের পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা ও জ্বর শুরু হয়। পরে অন্তত ৩১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওলিয়ার রহমান (২৫) নামের এক যুবকের অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল ওই গ্রামে মেডিকেল ক্যাম্প স্থাপন করে অন্যদের চিকিৎসা দেওয়া হয়।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোজিনা বেগম (৩৮) বলেন, ‘মসজিদ থেকে বাড়িতে ইফতারি পাঠানো হয়েছিল। ইফতারি খাওয়ার পর রাত থেকেই পেটে ব্যথা ও বমি হতে থাকে। পরদিন বিকেলে হাসপাতালে ভর্তি হই।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরবিন্দু কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাঁদের অবস্থা তেমন খারাপ নয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে একটি শিশু মারা গেছে।এদিকে গতকাল সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, এ ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কৃষ্ণ সাহাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট দোকান থেকে পরীক্ষার জন্য ছোলা, চিড়া ও মুড়ি সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার জন্য আক্রান্ত কয়েকজনের মল সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মেডিকেল ক্যাম্প স্থাপন করে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।