অভয়নগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে আবদুল আজিজ মোল্যা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। আবদুল আজিজ রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) শ্রমিক ছিলেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকার কয়েকজন জানান, শংকরপাশা গ্রামের মমিন মোল্যার আট ছেলের মধ্যে পৈতৃক একখণ্ড জমি বিক্রি করা নিয়ে বিরোধ চলে আসছে। জমি বিক্রি ও তা ফেরত নেওয়াকে কেন্দ্র করে ভাইয়েরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।

গতকাল দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে মিজানুর রহমান ও আবদুল মুকিত ভাগ্নে অলিয়ার ও খলিলকে সঙ্গে নিয়ে বাঁশ কাটতে গেলে অপর ভাই হাফিজুর রহমান, মফিজুর রহমান, আবুল হাসান ও জামাল হোসেন বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় বড় ভাই আবদুল আজিজ ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা ইয়াহিয়া (২৮) রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান, মফিজুর রহমান, আবদুল মুকিত, অলিয়ার রহমান, জামির হোসেন, আমিন মোল্যা ও মিজানুর রহমান। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা     হয়েছে। তাঁদের মধ্যে আবদুল মুকিতের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায়      তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইয়াহিয়া (২৮), হাসান (৩১), আমির (৩৮), মফিজুর (৪৩) ও জামিরকে (৩৪) আটক করেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন বলেন, ‘পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’