অভয়নগরে একটি ট্যানারিকে ৭০ লাখ টাকা জরিমানা
যশোরের অভয়নগর উপজেলার তালতলায় অবস্থিত এসএএফ ইন্ডাস্ট্রিজকে (ট্যানারি) পরিবেশ দূষণের দায়ে ৬৯ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ঢাকা ও খুলনার একটি যৌথ দল সরেজমিনে তদন্ত শেষে গত রোববার এই জরিমানা করে। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা প্রদান এবং আগামী মে মাসের মধ্যে বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য ট্যানারি কর্তৃপক্ষকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে একটি দল গত শনি ও রোববার তদন্ত চালিয়ে ট্যানারিটির বিরুদ্ধে পরিবেশ দূষণের সুনির্দিষ্ট প্রমাণ পান। সূত্র মতে, প্রতিষ্ঠার পর থেকেই ট্যানারিটির ক্ষতিকর, দূষিত ও অপরিশোধিত তরল বর্জ্য ভৈরব নদে ফেলা হচ্ছে। এতে নদের পানি দূষিত হওয়ার পাশাপাশি নদের মাছ বিলুপ্ত হতে চলেছে। গত প্রায় দেড় বছরে এ কারখানা থেকে ২ দশমিক ২০ লাখ ঘনমিটার দূষিত ও অপরিশোধিত তরল বর্জ্য ভৈরব নদে নির্গমনের প্রমাণ পাওয়া গেছে।মোহাম্মদ মুনির চৌধুরী প্রথম আলোকে বলেন, ৩২ বছর সময়ের বিবেচনায় এটা দেশের সবচেয়ে বড় পরিবেশ দূষণের ঘটনা। পরিবেশ আইনে বাংলাদেশে এত বেশি টাকা জরিমানা আর কখনো করা হয়নি। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা প্রদান ও বর্জ্য শোধনাগার স্থাপনে ব্যর্থ হলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে।পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর কারখানাটি থেকে প্রতিদিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ৬০০ লিটার ধাতু ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম-মিশ্রিত বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলা হয়েছে। এসব বর্জ্য মানবদেহে ক্যানসারসহ দুরারোগ্য রোগের সৃষ্টি করে। তিনি আরও বলেন, কারখানাটির কর্তৃপক্ষকে বারবার দূষণ বন্ধের জন্য নোটিশ দেওয়া হলেও তারা তা মানেনি।এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক ইমতাজুল হক প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ দূষণের কারণে পরিবেশ অধিদপ্তর আমাদের জরিমানা করেছে। অধিদপ্তর আমাদের বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য ছয় মাস সময় দিয়েছে। আমরা ভারতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। তারা নকশা পাঠিয়েছে। আশা করছি, উল্লিখিত সময়ের মধ্যে আমরা বর্জ্য শোধনাগার স্থাপন করতে সক্ষম হব।’চার প্রতিষ্ঠানকে জরিমানা: যশোরের অভয়নগর উপজেলার একটি ইটের ভাটা থেকে ৫২ মেট্রিক টন কাঠ আটক করা হয়েছে। এ ছাড়া বায়ুদূষণের দায়ে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই ইটের ভাটাসহ আরও তিনটি শিল্পপ্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে অধিদপ্তরের ঢাকা ও খুলনার কর্মকর্তারা গতকাল সোমবার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।