অভয়নগরে এসএসসি কেন্দ্র করা নিয়ে যা হচ্ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধন অনুষ্ঠানটি ছিল বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের। গতকাল শুক্রবার দুপুরে ওই সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব।উদ্বোধনী অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষার কেন্দ্র করার জন্য ওই সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এখন আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আছি। পরে এ ব্যাপারে কথা বলা যাবে।’শর্তানুযায়ী কেন্দ্রের জন্য সীমানাপ্রাচীর থাকা বাধ্যতামূলক। তড়িঘড়ি করে তাই নির্মাণ করা হচ্ছে প্রাচীর। কর পরিদর্শন পরিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়ি আড়পাড়া গ্রামে। তাঁকে খুশি করতে এই আয়োজন। এই কেন্দ্র স্থাপনে প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সুপারিশও রয়েছে বলে জানা গেছে।এ কথা স্বীকারও করলেন যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনে প্রধানমন্ত্রীর দপ্তরের সুপারিশ রয়েছে। কেন্দ্র আরও হতে পারে, তবে ওইটাকে বাদ দিয়ে নয়।’জানা গেছে, সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজ এবং আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি কেন্দ্রের জন্য এ বছরের গোড়ার দিকে যশোর শিক্ষা বোর্ডে আবেদন করে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক গত ৩১ মে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ করেন। কিন্তু জেলা প্রশাসক গত ১৪ জুন সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজকে বাদ দিয়ে শুধু আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান গত ১৪ জুলাই বিদ্যালয়টি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। গত ১ আগস্ট প্রতিবেদনটি জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নেই। তা ছাড়া ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদ্যালয়সংলগ্ন আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে উল্লেখ করা হয়। শর্ত পূরণ না হওয়ায় জেলা প্রশাসকের দপ্তর থেকে ওই বিদ্যালয়ে কেন্দ্র করার জন্য সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক ওই কেন্দ্রের জন্য সুপারিশ করে বোর্ডে ফাইলটি প্রেরণ করেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেফিনা বেগম প্রথম আলোকে বলেন, শর্ত পূরণ না করায় ফাইলটি নথিজাত (বাতিল) করা হয়েছিল। কিন্তু বিশেষ কারণে ফাইলটি পুনরুজ্জীবিত করে বোর্ডে পাঠানো হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুমন্ত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের সীমানাপ্রাচীর নেই। সাব-সেন্টারও (উপকেন্দ্র) নেই। আমরা সীমানাপ্রাচীরের কাজ শুরু করেছি। হুইপ সাহেব আজ সীমানাপ্রাচীরের কাজ উদ্বোধন করেছেন। বোর্ডের চেয়ারম্যান স্যারও এ সময় উপস্থিত ছিলেন। আমরা নিশ্চিত যে সেন্টার পাচ্ছি।’সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা এসএসসি কেন্দ্রের জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়নি। কেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা কেন্দ্র পেলাম না।’যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘শর্ত না মানলে কেন্দ্র দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এর আগে শর্ত না মেনে কেন্দ্র দেওয়ায় ঝামেলা সৃষ্টি হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’