অভয়নগরে ওএমএসের চাল বিক্রিতে অনিয়ম, ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় খোলাবাজারে চাল বিক্রিতে (ওএমএস) অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় এক ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা ওএমএস (ওপেন মার্কেট সেল) কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই ডিলারের নাম অশোক কুমার শাস্ত্রী। গত শুক্রবার উপজেলার চেঙ্গুটিয়া বাজারে চাল বিক্রির সময় তিনি নিজে উপস্থিত না থেকে তাঁর কর্মচারী নিবাস কুমার কুণ্ডুকে চাল বিক্রির দায়িত্ব দেন। নিবাস নিজেই কাগজে টিপসই দিয়ে ওই চাল অন্যত্র বেশি দামে বিক্রি করেন। এ ছাড়া সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রির নিয়ম থাকলেও সকাল সাড়ে ১০টার মধ্যেই সমুদয় চাল বিক্রি হয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপর চাল না পেয়ে ক্রেতাদের সঙ্গে নিবাসের বাগ্বিতণ্ডা হয় এবং উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘চাল বিক্রিতে অনিয়ম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এরই পরিপ্রেক্ষিতে রোববার উপজেলা খাদ্যনিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মনতোষ কুমার মজুমদার চেঙ্গুটিয়া বাজারে গিয়ে বিষয়টির তদন্ত করেন। তিনি বলেন, ‘তদন্তে চাল বিক্রিতে অশোক কুমার শাস্ত্রীর বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তিনি (অশোক) গরিব মানুষের জন্য নেওয়া সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাহত করেছেন। ফলে উপজেলা ওএমএস কমিটিকে আমি ওই দিন বিকেলে তাঁর ডিলারশিপ বাতিলের জন্য লিখিত সুপারিশ করেছি।’
এরপর ওই দিন বিকেল পাঁচটার দিকে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ ওই কমিটির অন্য সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। ওই বৈঠকে খাদ্যনিয়ন্ত্রকের তদন্তের সুপারিশের পরিপ্রেক্ষিতে অশোকের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হয়।
সিফাত মেহনাজ বলেন, ‘উপজেলা খাদ্য অফিসের তদন্তে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অশোক কুমার নামের একজন ডিলারকে বাদ দেওয়া হয়েছে।’