অভয়নগরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি বিদ্যালয় ভবন
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়ায় গণ সাহায্য সংস্থা পরিচালিত আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়টি গত বুধবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আনন্দ নিকেতনের প্রধান শিক্ষক শাহানাজ বেগম বলেন, ‘সকাল আটটার দিকে ৪০-৫০ লোক শাবল, কুড়াল, কোদাল ও দা দিয়ে তিন কক্ষের বিদ্যালয় ভবনটি ভাঙ্গা শুরু করে। আগামীকাল ছাত্র-ছাত্রীদের কোথায় পড়াব জানি না। বর্তমানে এখানে তিন জন শিক্ষক ও ১২০ জন শিক্ষার্থী রয়েছে।’গণ সাহায্য সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী রেজোয়ান ইসলাম বলেন, ‘আমি ঘর ভাংতে বাধা দেওয়ায় তাঁরা লাঠি দিয়ে আমাকে কয়েকটি বাড়ি মারে এবং সকাল আটটা থেকে দুপুর পৌনে দুটো পর্যন্ত আমাকে আটকে রাখে।’এস.আর. শুভরাড়া-রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘আমরা তাঁদের বিদ্যালয় সরিয়ে নেওয়ার জন্য কয়েকবার নোটিশ দিয়েছি।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও খুলনার ফুলতলা উপজেলার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা নবী বলেন, ‘তারা কর্ণপাত না করায় গ্রামের লোকেরা তা ভেঙে ফেলেছে।’অভয়নগর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক শাহানাজ বেগম বুধবার সন্ধ্যায় ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মামলা রেকর্ড করা হবে।’স্থানী সূত্রে জানা গেছে, স্থানীয় মোহাম্মাদ আলী শেখের দান করা ২৬ শতক জমির ওপর ১৯৯২ সালে আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে জানা যায়, ওই জমি অর্পিত সম্পত্তি। এরপর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জমিটি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেন এবং সেখানে ২০১০ সালের জানুয়ারি মাসে আরেকটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।