অভয়নগরে চলছে ভয়াবহ লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় অঞ্চলভেদে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, উপজেলার নওয়াপাড়ার খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডের কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র জাতীয় গ্রিডে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এদিকে উপজেলার তালতলায় অবস্থিত ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অপর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেড গড়ে সরবরাহ করছে ১০ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ। অভয়নগর ও নড়াইল মিলে পিক আওয়ারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে ৪৮ মেগাওয়াট। এর মধ্যে অভয়নগরে চাহিদা ৩৫ মেগাওয়াট এবং নড়াইলে চাহিদা ১৩ মেগাওয়াট। কিন্তু সরবরাহ হচ্ছে গড়ে মাত্র ২৯ মেগাওয়াট।সুন্দলী গ্রামের কানু বিশ্বাস (৩৫) বলেন, দিনে ২০-২৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে সব কাজেই ভোগান্তিতে পড়ছে এলাকার লোকজন।যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক শাহজাহান কবীর বলেন, ‘গ্যাসের সরবরাহ কম থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলো চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এ কারণে সরবরাহ কম পাওয়া যাচ্ছে। তাই বাধ্য হয়েই ঘন ঘন লোডশেডিং চলছে।