অভয়নগরে চালকলের নিরাপত্তা প্রহরীকে সন্ত্রাসীদের গুলি
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় মজুমদার অ্যাগ্রো রাইস মিলের নিরাপত্তা প্রহরী আবদুর রাজ্জাককে (৫৬) সন্ত্রাসীরা গুলি করেছে। চাঁদার চিঠি মালিককে পৌঁছে দিতে অস্বীকার করায় গত শুক্রবার তাঁর বাঁ পায়ে গুলি করে সন্ত্রাসীরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্জাক জানান, শুক্রবার রাত আটটার দিকে তিনি অন্য কয়েকজন নিরাপত্তা প্রহরীর সঙ্গে ওই কলে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন সন্ত্রাসী আসে এবং তাঁদেরকে ডাক দেয়। এ সময় তিনি অপর প্রহরীদের নিয়ে তাদের কাছে যান। সন্ত্রাসীরা তাঁদেরকে নিউ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে একটি চিঠি দেয়। সন্ত্রাসীরা চিঠিটি কলের মালিকের কাছে পৌঁছে দিতে এবং চিঠিতে লেখা চাঁদা দ্রুত পরিশোধ করতে নির্দেশ দেয়। তিনি এর প্রতিবাদ করলে তারা উত্তেজিত হয়ে তাঁর বাঁ পায়ে গুলি করে। পরে অন্য নিরাপত্তা প্রহরীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাজ্জাক মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের দবির উদ্দিন মোল্লার ছেলে।কলের কর্মকর্তা উদয় বিশ্বাস বলেন, কয়েক দিন আগে সন্ত্রাসীরা কলের মালিকের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে। তিনি দেশের বাইরে থাকায় তাঁর ফোন বন্ধ রয়েছে। এ কারণে তারা নিরাপত্তা প্রহরীদের একটি চিঠি দিয়ে তা মালিককে দিতে বলে। রাজ্জাক প্রতিবাদ করায় তাঁর পায়ে গুলি করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, এ ঘটনায় গতকাল নিরাপত্তা প্রহরী প্রভাত কুমার হালদার বাদী হয়ে মামলা করেছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।