অভয়নগরে ছাত্রলীগের সাবেক নেতাকে হত্যা
যশোরের অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুল ইসলাম ওরফে নিশানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াল্লেমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিশান রাষ্ট্রায়ত্ত যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) বদলি শ্রমিক হিসেবে কাজ করতেন৷ তিনি মোয়াল্লেমতলা গ্রামের সুজাউল হকের ছেলে৷
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে গ্রামের বাড়িতে ফিরছিলেন নিশান৷
গ্রামের একটি বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবীর আহমেদ বলেন, নিশান আন্তজেলা ডাকাত দলের সদস্য। দুটি ডাকাতির মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে৷ অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷