অভয়নগরে ঝরে যাওয়া ধানের আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরে পড়া ধান থেকে গজিয়েছে চারা। এখন ​িশষ বেরিয়েছে গাছ থেকে l ছবি: প্রথম আলো
ঝরে পড়া ধান থেকে গজিয়েছে চারা। এখন ​িশষ বেরিয়েছে গাছ থেকে l ছবি: প্রথম আলো

শিলাবৃষ্টির কারণে বোরো ধানের শিষ থেকে খেতে ঝরে পড়ে ধান। সেই ধান থেকে গজিয়েছে চারা। পরিচর্যা ছাড়াই আস্তে আস্তে বড় হয়েছে গাছ। এখন সেখান থেকে শিষ বেরিয়েছে। কিছুদিনের মধ্যেই কাটা যাবে ধান।
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া, শ্রীধরপুর, শুভরাড়া, প্রেমবাগ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪০ হেক্টর জমিতে ঝরে যাওয়া ধানের এ আবাদ হয়েছে।
কৃষকেরা বলেন, গত ৬ এপ্রিল রাতে উপজেলার ওপর দিয়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে শিলার আঘাতে শিষ থেকে ব্যাপক হারে ধান ঝরে পড়ে খেতে। সেখান থেকে চারা গজায়। অনেক কৃষক চারা বের হওয়ার পর চাষ দিয়ে খেত ভেঙে দিয়েছেন। যাঁরা চাষ দেননি, তাঁদের খেতে ধান হচ্ছে। তাঁরা খেতের তেমন পরিচর্যাও করেননি। সামান্য সার দেওয়া ছাড়া তেমন খরচ হয়নি। তাঁরা আশা করছেন, এর ফলনও একেবারে খারাপ হবে না।

বগুড়াতলা গ্রামের কৃষক ইউসুফ আলী এবার ১৫ কাঠা জমিতে ব্রি-২৮ জাতের বোরো ধানের আবাদ করে ১২ মণ ধান পান। তিনি বলেন, ‘আমি খেতের তেমন যত্ন নিইনি। দুবার মাত্র সার দিয়েছি। তাতে পাঁচ শ টাকার মতো খরচ হয়েছে। খেতের যে অবস্থা তাতে পাঁচ-ছয় মণ ধান হবে।’

ভাটপাড়া গ্রামের গোলাম রসুল বলেন, ‘এক বিঘা চার কাঠা জমিতে বোরো ধানের চাষ করেছিলাম। ধান পাকার পর শিলের আঘাতে প্রায় অর্ধেক ধান খেতে পড়ে যায়। কিছুদিন পর আমি খেতে একটা চাষ দিয়েছিলাম। এরপর কিছু সার দিয়েছি। খেতে ধান খুব ভালো হয়েছে। কয়েক দিন পর ধান কাটা যাবে।’

উপজেলা কৃষি দপ্তর সূত্র জানায়, অভয়নগরে এবার ঝড় ও শিলাবৃষ্টিতে ছয় হাজার হেক্টর জমির ধানের আংশিক ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাঘুটিয়া, শ্রীধরপুর, শুভরাড়া ও প্রেমবাগ ইউনিয়নের খেত। এসব এলাকার প্রায় ৪০ হেক্টর জমিতে ঝরে যাওয়া ধানের আবাদ রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী বলেন, ‘ঝরে পড়া ধান থেকে চারা গজানোর পর কৃষকদের পরামর্শ দিয়েছিলাম গাছ পাতলা করে দিয়ে সার দিতে। অল্প সময়ে ওই ধান হচ্ছে। ধান কাটার পর কৃষক জমিতে আমন ধানের চাষ করতে পারবেন। ধানের ফলনও মোটামুটি হবে। এতে কৃষকের লাভ হবে।’