অভয়নগরে ঝুঁকিহ্রাস প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ, তদন্ত শুরু
যশোরের অভয়নগরে ঝুঁকিহ্রাস কর্মসূচির ১৮টি প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি প্রকল্পের কাজের অনিয়ম ও তদন্ত শুরু হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৮টি প্রকল্পের মধ্যে শুধু সুন্দলী ইউনিয়নে তিনটি প্রকল্পের কাজ শুরু করা হয়। এর মধ্যে ১০ লাখ ৮৬ হাজার ৫৭৫ টাকা ব্যয়ে ‘মৃণাল বাবুর বাড়ি থেকে কদমতলা অভিমুখে মাটি দ্বারা রাস্তা সংস্কারের’ কাজ প্রায় শেষ করা হয়েছে। গত বছরের প্রথম দিকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় ১৫ টন খাদ্যশস্য দিয়ে ওই রাস্তাটির অংশবিশেষের কাজ করা হয়েছিল। এরপর অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে রাস্তাটির অবশিষ্ট অংশের কাজ করা হয়। এ নিয়ে গত ৯ আগস্ট প্রথম আলোয় ‘এক রাস্তার উন্নয়নে এক বছরে তিন প্রকল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন সিডিএমপির কর্মকর্তা মোহামঞ্চাদ মহিউদ্দিন প্রতিবেদনের বিষয়ে লিখিত প্রতিবেদন দিতে সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসকে নির্দেশ দেন। ১২ আগস্ট ওই কর্মকর্তা চিঠি দিয়ে প্রকল্প চলমান চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বর্ষা মৌসুম শেষ না হওয়া ও কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত কাজ না করতে বলেন। এর পরও ১৩ লাখ ৭২ হাজার ৭৮৫ টাকা ব্যয়ে ‘সুন্দলী কানাপুকুর পুনর্খনন’ এবং সাত লাখ সাত হাজার ৯৯১ টাকা ব্যয়ে ‘সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে গর্ত ও মাঠ ভরাট’ প্রকল্পের কাজ চলতে থাকে। তবে এক সপ্তাহ ধরে প্রকল্প দুটির কাজ বন্ধ রাখা হয়েছে। চার লাখ টাকায় প্রকল্প দুটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাগেরহাটের ঠিকাদার ইদ্রিস হাওলাদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানের একটু অসুবিধার কারণে কাজ সাত-আট দিন হলো বন্ধ রেখেছি। এখন উনি বলছেন দুই-এক দিনের মধ্যে কাজ শুরু করতে।’ চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস বলেন, ‘দুটি চিঠিই পেয়েছি। এ ব্যাপারে লিখিত প্রতিবেদনও জমা দিয়েছি। প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ আছে।’ এদিকে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের পর অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মণ্ডল ১২ আগস্ট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি তদন্তের নির্দেশ দেন। বর্তমানে তদন্ত করছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোকলেছুর রহমান। তিনি বলেন, ‘সরেজমিনে তদন্ত শুরু করেছি। তাড়াতাড়ি প্রতিবেদন দেওয়া হবে।’