অভয়নগরে ঝড়ে পাঁচ গ্রাম লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় মাত্র দুই মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পাঁচটি গ্রাম। গতকাল সোমবার সকালে দুই মিনিট স্থায়ী ঝড়ে এসব গ্রামের সহস্রাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ও আধাপাকা ঘরের টিন উড়ে যায়। ভেঙে গেছে কয়েক হাজার গাছপালা।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টায় হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। মাত্র দুই মিনিট স্থায়ী জড়ে পায়রা ইউনিয়নের বারান্দি, আড়পাড়া, পায়রা, ঘোড়াদাইড় ও চোমরডাঙ্গা গ্রামে গাছপালা, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। সরেজমিনে দেখা গেছে, পায়রা গ্রামের শরিফুল ইসলাম, আলতাফ হোসেন, মাহমুদ হোসেনের ঘর ও রাইস মিলের চাল উড়ে গেছে। একই এলাকার জলিল মাস্টারের দালানের ছাদ ফেটে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বারান্দি গ্রাম। এ গ্রামের দলিম মোল্যা, ইমদাদুল গাজি, কামরুল গাজি, আকরাম মিনা, মনসুর আলি, লতিফ গাজি, ফসিয়ার, হামিদ বিশ্বাস ও টনির আধাপাকা ঘরের টিনের চাল উড়ে গেছে। এ ছাড়া পায়রা এবতেদায়ি মাদ্রাসা, আড়পাড়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসাসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও পাঁচ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছে। জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে ২০ টন চাল, ২০০ বান্ডেল ঢেউটিন চাওয়া হয়েছে।