অভয়নগরে টেক্সটাইল মিলের একটি ইউনিট বন্ধ ৫০০ শ্রমিক বেকার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত সিডল টেক্সটাইল মিলের একটি ইউনিট গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, দুষ্কৃতকারীদের হামলার কারণে ওই ইউনিট বন্ধ করা হয়েছে।মিলের মহাব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ৩ নম্বর ইউনিটে কাজ চলার সময় ২০-২৫ জন দুষ্কৃতকারী হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে ১০-১৫ জন শ্রমিক আহত হন। এতে শ্রমিকেরা ভীতসন্ত্রস্ত হয়ে কর্মস্থল ছেড়ে চলে যান। তাত্ক্ষণিকভাবে জরুরি বৈঠক করে ওই ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয়।আব্দুল মান্নান আরও জানান, ৩ নম্বর ইউনিটে ৫০০ শ্রমিক কাজ করতেন। ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় ওই শ্রমিকেরা বেকার হয়ে যাবেন। এ ব্যাপারে অভয়নগর থানায় মিল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়েরের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন।এলাকাবাসী জানিয়েছে, মিলের ভেতরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় মিল কর্তৃপক্ষ অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে মিল ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।