অভয়নগরে ট্রেনের ধাক্কায় দুজন নিহত
যশোরের অভয়নগর উপজেলায় দুটি পৃথক ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার উপজেলার রাজঘাট এবং চেঙ্গুটিয়ায় এ দুর্ঘটনা দুটি ঘটে। এ ঘটনায় রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
খুলনা রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেনটি রাজঘাট এলাকায় রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় রেলক্রসিং পার হচ্ছিলেন এক ব্যক্তি (৫৫)। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাঁর পরিচয় জানা যায়নি।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন এক ব্যক্তি (৬০)। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেছে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আফজাল হোসেন বলেন, ‘পৃথক দুটি ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছেন। আমরা তাঁদের মৃতদেহ দুটি উদ্ধার করেছি। সন্ধ্যা পর্যন্ত তাঁদের পরিচয় পাওয়া যায়নি।’