যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামে গত তিন দিনে প্রায় ৩০০ লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত বুধবার ছকিনা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আক্রান্ত ব্যক্তিদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে একটি গ্রামের এত লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, তা জানাতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুদ্দোজার নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসক দল ওই গ্রামে গিয়ে রোগীদের সেবা দিচ্ছে।
ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে রহমান, রেশমা খাতুন, রোকেয়া বেগম, পারভীন আক্তার, আবির আহম্মেদ, নিপা খাতুন, আবদুস ছাত্তার, গফ্ফার হোসেন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম ও জরিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ধলিরগাতী গ্রামের জিল্লুর রহমান (৩১) মুঠোফোনে বলেন, তাঁর পাঁচ সদস্যবিশিষ্ট পরিবারের তিনজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
ধলিরগাতী গ্রামের কলেজশিক্ষক মফিজুর রহমান ও গ্রাম্য চিকিৎসক মতিয়ার রহমান বলেন, গত তিন দিনে গ্রামের প্রায় এক-তৃতীয়াংশ লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
গ্রামবাসীর কয়েকজন বলেন, ধলিরগাতী গ্রামের মিন্টুর মেয়ে ছকিনা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর বুধবার বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রূপদিয়া স্থানে পৌঁছালে সে মারা যায়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। ডায়রিয়ার হাত থেকে বাঁচতে নামাজের সময় ও ইফতারির আগে প্রেমবাগ ইউনিয়নের মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হচ্ছে।
যোগাযোগ করা হলে স্বাস্থ্য কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া মেডিকেল টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছি। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’
তবে কী কারণে এত লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তা বলতে পারেননি বদরুদ্দোজা।