যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ গতকাল রোববার সকালে এ কর্মসূচি পালন করে।
১৫ দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ওই সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত ২৮ জুন সকালে উপজেলা সদর নওয়াপাড়ায় নিজ বাসভবনে সন্ত্রাসীরা মহিউদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে।
নওয়াপাড়ার নূরবাগে যশোর-খুলনা মহাসড়কের ওপর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল ওহাবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মালেক মোল্যা, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, সহসভাপতি গাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সানা আবদুল, সরদার অলিয়ার রহমান, ইব্রাহীম হোসেন বিশ্বাস, মোসলেম উদ্দিন, আনিছুর রহমান, জাহাঙ্গীর আলম, জি এম মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দেন, ১৫ দিনের মধ্যে মহিউদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। পরে একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়ক ধরে অভয়নগর থানা অভিমুখে রওনা হয়। একপর্যায়ে মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা থানার সামনে যশোর-খুলনা মহাসড়কের ওপর অবস্থান নেন। এ সময় মহাসড়কটির উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন মহাসড়কে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা সরে গেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।