অভয়নগরে দুই লাশের একটির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় ২০ দিনের ব্যবধানে অজ্ঞাত দুই নারী খুন হয়েছেন। হত্যাকাণ্ডের ২২ দিন পর পুলিশ একজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে। তবে নিহত আরেক কিশোরীর পরিচয় এখনো জানতে পারেনি।অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বাশুয়াড়ী ক্যাম্পের পুলিশ উপজেলার সিঙ্গাড়ী গ্রামের একটি বাগান থেকে যে লাশটি উদ্ধার করেছে, তিনি হলেন উপজেলার ঘোড়াদাইড় গ্রামের কৃষ্ণ চন্দ্র মণ্ডলের মেয়ে সোনালী মণ্ডল (৩০)। আর গত সোমবার উপজেলার সরখোলা গ্রামের একটি ধানখেত থেকে যে কিশোরীর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে, তার পরিচয় এখনো মেলেনি। তবে সোনালী মণ্ডলকে শ্বাস রোধ করে এবং ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর সোনালী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নড়াইলের কালিয়া উপজেলার বাঁশগ্রামের গণপতি বিশ্বাসের ছেলে কালিদাস বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে স্বামী পরিত্যক্ত সোনালী মণ্ডলের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয় কালিদাস বিশ্বাসের। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিবাহিত কালিদাসের প্ররোচনায় সোনালী বাবার বাড়ি থেকে চলে আসেন এবং উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। কালিদাস ওই বাড়িতে মাঝেমধ্যে সোনালীর স্বামী পরিচয়ে থাকতেন।গত ১৬ সেপ্টেম্বর সকালে কালিদাস মুঠোফোনে সোনালীকে নওয়াপাড়া বাজারে যেতে বলেন। পরদিন ১৭ সেপ্টেম্বর উপজেলার সিঙ্গাড়ী গ্রামে সোনালীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী পরিদর্শক (এএসআই) সুবীর রায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় মামলা করেন। গত মঙ্গলবার সোনালীর বাবা অভয়নগর থানায় নোটিশ বোর্ডে টাঙানো একটি ছবি দেখে সোনালীকে শনাক্ত করেন। ওই দিন বিকেলে কালিদাস বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, গত সোমবার উপজেলার নওয়াপাড়া গ্রামের ট্রাকচালক হবিবর রহমানের ছেলে শাহিন মোড়ল (২৬) ও তাঁর দুই বন্ধু মিলে ওই কিশোরীকে তাঁর বাড়িতে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। পরে কৌশলে হাসপাতালে নেওয়ার কথা বলে তাঁরা লাশটি প্রতিবেশী প্রাইভেটকারের চালক হাফিজুর রহমানের প্রাইভেটকারে উঠিয়ে সরখোলা গ্রামের একটি ধানখেতে ফেলে রেখে পালিয়ে যান। পুলিশ শাহিনের ঘর থেকে একটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করেছে। এ ঘটনায় অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার শামীম আহমেদ বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাহিন ও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করা হয়েছে। প্রাইভেটকারের চালক হাফিজুর রহমানকে মামলায় সাক্ষী করা হয়েছে।