অভয়নগরে দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলায় দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের নিম্নমানের চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার নওয়াপাড়া পৌরসভায় ওই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুস্থ লোকজন অভিযোগ করেছেন, বিতরণ করা চাল অত্যন্ত নিম্নমানের, কালো মরা চালে ভরা ও তীব্র দুর্গন্ধযুক্ত। গত ঈদুল ফিতরেও উপজেলার দুস্থ লোকজনের মধ্যে এমন চাল বিতরণ করা হয়েছিল।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা সামনে রেখে উপজেলায় এবার ২৩ হাজার ২৭৪টি দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। সেই অনুযায়ী ২৩২ মেট্রিক টন ৪৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুস্থ ব্যক্তিদের কয়েকজন অভিযোগ করেছেন, চাল দুর্গন্ধযুক্ত, কালো মরা চাল ও ময়লায় ভরা।বুইকরা গ্রামের সাজেদা বেগম (৩৫) বলেন, ‘মরা চাল বেশি। দুর্গন্ধ বের হচ্ছে।’ সরখোলা গ্রামের কাউস মোড়ল (৪৬) বলেন, ‘এই চালের ভাত খেলে নির্ঘাত পেটের সমস্যা হবে।’ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাসশের আলম বলেন, ‘এবারের চাল কিছুটা ভালো। তবে আরও ভালো হওয়া উচিত।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছর আগে সরকারিভাবে থাইল্যান্ড থেকে আমদানি করা চাল দুস্থ লোকজনকে দেওয়া হচ্ছে। সম্প্রতি ওই চাল খুলনার গুদাম থেকে নওয়াপাড়া খাদ্যগুদামে আনা হয়। এসব চাল অত্যন্ত নিম্নমানের।বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ওই চাল শেষ না হলে স্থানীয়ভাবে সংগ্রহ করা ভালো চাল দেওয়া হবে না।’ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বে) সাহাদত হোসেন বলেন, ‘চাল আমি দেখিনি। তাই বলতে পারব না, মান কেমন।’