অভয়নগরে দুস্থদের চাল আত্মসাতের অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসের বিরুদ্ধে দুস্থ নারীদের প্রায় এক হাজার ২০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই চাল ফেরত পাওয়ার জন্য দুস্থ নারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলার সুন্দলী ইউনিয়নের ১১৮ জন দুস্থ নারী মাসে ভিজিডির ৩০ কেজি করে চাল বা গম পাচ্ছেন। সুন্দলী ইউপির চেয়ারম্যান মার্চ মাসের তিন হাজার ৫৪০ কেজি চাল ১২ মার্চ ও এপ্রিল মাসের তিন হাজার ৫৪০ কেজি চাল ১০ এপ্রিল খাদ্যগুদাম থেকে তোলেন। গত ১৪ মার্চ এবং ১২ এপ্রিল দুস্থ নারীদের মধ্যে ওই চাল বিতরণ করা হয়।দুস্থ নারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান ১৪ মার্চ তাঁদের ২১ কেজি করে চাল দিয়েছেন। কিন্তু তাঁদের কার্ডে ৩০ কেজি লেখা হয়েছে। বাকি চাল পরের মাসে দেওয়া হবে বলে চেয়ারম্যান তাঁদের জানিয়েছিলেন। ১২ এপ্রিল তাঁদের ২৯ কেজি করে চাল দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, দুই মাসে সব মিলিয়ে তাঁদের প্রত্যেকের ১০ কেজি করে চাল চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। তাঁদের কার্ডে চেয়ারম্যান নিজে সই না করে চৌকিদারদের দিয়ে সই করিয়েছেন। দুস্থ নারীরা অভিযোগ করেন, বিষয়টি জানাজানি না করতে চেয়ারম্যান গত বুধবার রাতে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ১০০ থেকে ২৫০ টাকা দিয়েছেন। এরপর বৃহস্পতিবার বিকেলে ১১ জন দুস্থ নারী চাল ফেরত পেতে ইউএনওর কাছে আবেদন করেছেন।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার বলেন, ‘আমি সরেজমিনে বিষয়টি তদন্ত করেছি। সুফলভোগীদের কয়েকজন মার্চ মাসের বকেয়া নয় কেজি চাল এবং কয়েকজন টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। আবার অনেকেই কিছুই পাননি বলে জানান।’ চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করেছে। তারা এ ব্যাপারে প্রতিবেদন দেবে। আপনি তাদের সঙ্গে কথা বলেন। আমি কোনো প্রশ্নের উত্তর দেব না।’ ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘দুস্থ নারীদের লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ডিসি স্যারের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’