অভয়নগরে নির্মাণাধীন শৌচাগারের গর্তে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে নির্মাণাধীন একটি পাবলিক শৌচাগারের গর্তে পড়ে আকাশ চক্রবর্তী নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। সে সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছিল।পারিবারিক সূত্র জানায়, আকাশ গতকাল দুপুরে বাজার এলাকায় ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি পাশের নির্মাণাধীন শৌচাগারের গর্তে পড়ে যায়। সে বলটি তুলতে গর্তে নেমে আর উঠে আসেনি। পরে তার খেলার সঙ্গীরা বিষয়টি বাজারের লোকজনকে জানালে তারা গিয়ে গর্ত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় নয় মাস আগে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দে শৌচারগারটি নির্মাণের কাজ শুরু হয়। গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। ওই সময় প্রকল্পের পুরো টাকা ঠিকাদার তুলে নিলেও আজ পর্যন্ত কাজ শেষ হয়নি। এলাকাবাসী মাস দুয়েক আগে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে। শৌচাগারটির জন্য খুঁড়ে রাখা গর্তে জমা পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়। আকাশ উপজেলার সুন্দলী গ্রামের ভটভটিচালক রিপন চক্রবর্তীর ছেলে।