অভয়নগরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের জাহাঙ্গীর মল্লিক (৩৫) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, জাহাঙ্গীর নিষিদ্ধ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন জানান, গতকাল শুক্রবার সকালে কিছু লোক রানাগাতী গ্রামের কওছার আলী খাঁর বাড়ির পেছনে মাছের ঘেরে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। জাহাঙ্গীরের ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, জাহাঙ্গীর মল্লিক নিষিদ্ধঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে খুলনা সদর ও ফুলতলা থানা এবং যশোরের অভয়নগর থানায় হত্যা, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তিনি খুন হয়ে থাকতে পারেন।