অভয়নগরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম শিকারি (৩৫) নিহত হয়েছেন। একই রাতে সাতক্ষীরা সদরে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। দুজনেরই দাবি, তাঁদের ধরে নিয়ে গুলি করা হয়েছে।
অভয়নগর: অভয়নগর থানার পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা গ্রামে নিজ বাড়ি থেকে সাইফুলকে আটক করা হয়। পুলিশের দাবি, সাইফুলের তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শংকরপাশার ভৈরব নদে শ্মশান এলাকায় যায়। সেখানে সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে গুলিতে আহত হন সাইফুল। পালিয়ে যায় তাঁর সহযোগীরা। পুলিশ সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের পাঁচ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ।
সাইফুলের ভাই সিরাজ শিকারি বলেন, ‘তাঁকে ধরে নিয়ে যাওয়ার সময় অনুরোধ করেছিলাম প্রচলিত আইনে তাঁর যেন বিচার করা হয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার সে অনুরোধ রাখেনি।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবীর আহমেদ জানান, সাইফুলের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ডাকাতি ও অস্ত্র রাখার অভিযোগে আটটি মামলা রয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত তিনটার দিকে পুলিশ একটি ছিনতাইকারী চক্রকে ধরতে সদর উপজেলার দত্তডাঙ্গা চৌরাস্তার মোড় এলাকায় যায়। সেখানে ওই চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ও ককটেল ফাটায়। পুলিশ গুলি ছুড়লে ছিনতাইকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় শহরতলির লাবসা দরগাপাড়া এলাকার শাহবুদ্দিন আহম্মেদ ওরফে রুবেল (৩৫) ও শহরের রসুলপুর এলাকার রুবেল হোসেনকে (২৫) আটক করা হয়। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের অভিযোগ, গুলিবিদ্ধ দুজন সীমান্ত এলাকায় গরুর ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা ছিনতাই করেছেন। এ চক্রের প্রধান শাহবুদ্দিন আহম্মেদ।
গুলিবিদ্ধ শাহবুদ্দিনের দাবি, তাঁকে দেবহাটা উপজেলার বহেরা এলাকা থেকে মঙ্গলবার রাত আটটার দিকে আটক করে পুলিশ। রাত তিনটার দিকে দত্তডাঙ্গা চৌরাস্তার মোড়ে নিয়ে পায়ে গুলি করে।
রুবেল জানান, আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার চিংড়িঘের এলাকা থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তাঁকে আটক করে। পরে চোখ বেঁধে দত্তপাড়ার এলাকায় নিয়ে পায়ে গুলি করে।
সাতক্ষীরা সদর থানা সূত্র জানায়, শাহবুদ্দিনের নামে পাঁচটি ও রুবেলে নামে চারটি ছিনতাইয়ের মামলা রয়েছে।