অভয়নগরে প্রকাশ্যেই গাইড ও নোট বই বেচাকেনা
যশোরের অভয়নগর উপজেলার বইয়ের দোকানগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন শ্রেণীর নিষিদ্ধ গাইড ও নোট বই। সম্প্রতি প্রথম থেকে অষ্টম শ্রেণীর ২৭৮টি নিষিদ্ধ গাইড ও নোট বই জব্দ এবং দুটি বইয়ের দোকানকে জরিমানাও করা হয়েছে। কিন্তু এর পরও চলছে নিষিদ্ধ এসব বইয়ের জমজমাট ব্যবসা।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, সরকার ১৯৮০ সালে আইন করে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের নোট বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশনা, আমদানি, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ করে। এ ছাড়া উচ্চ আদালতের এক রায়ে গাইড ও নোট বই মুদ্রণ ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরেজমিনে উপজেলার বইয়ের দোকানগুলোতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোট বই বিক্রি করতে দেখা গেছে। এর মধ্যে পাঞ্জেরী, জুপিটার, গ্যালাক্সি, লেকচার, অনুপম, জননী উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে, কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষকেরা এসব গাইড ও নোট বই কিনতে শিক্ষার্থীদের প্ররোচিত করছেন। মেয়ের জন্য নোট বই কিনতে আসা অভিভাবক সুফল চন্দ্র বিশ্বাস বলেন, ‘নোট বইয়ে প্রশ্নের উত্তর সহজ করে সাজিয়ে লেখা থাকে। এতে শিক্ষার্থীর কষ্ট কম হয়। এ জন্য নোট বইয়ের প্রতি বেশি আগ্রহ থাকে। তবে এতে শিক্ষার্থীর মূল বই পড়ার প্রতি আগ্রহ কমে যায়।’ নাম প্রকাশ না করার শর্তে নওয়াপাড়া বাজারের এক বইয়ের দোকানের মালিক বলেন, ‘গাইড ও নোট বই শিক্ষার্থীদের উপকারে আসছে। গাইড ও নোট বই পড়ে না—এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না। দোষ হয় শুধু প্রকাশনী ও বইয়ের দোকানদারের। কিন্তু যাঁরা অভিযান চালাচ্ছেন, তাঁদের ছেলেমেয়েরাও গাইড ও নোট বই পড়ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘৭ ফেব্রুয়ারি নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ২৭৮টি নিষিদ্ধ গাইড ও নোট বই জব্দ করা হয়েছে। এ সময় দুটি বইয়ের দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্য বইয়ের দোকানগুলোতেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।’মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক টি এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘এনসিটিবি প্রতিটি শ্রেণীর জন্য কিছু সহায়ক বই নির্ধারণ করে দিয়েছে। ওই বইগুলো পড়লে গাইড ও নোট বই পড়ার দরকার হয় না। তা ছাড়া, সরকারিভাবে গাইড ও নোট বই নিষিদ্ধ। আমি মাঝে বেশ কিছু বিদ্যালয়ে গিয়ে গাইড ও নোট বই জব্দ করেছি। ভ্রাম্যমাণ আদালত করে এসব নিষিদ্ধ বই জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।’