অভয়নগরে ফেরি বন্ধ সাত মাস, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদ পারাপারের ফেরিটি প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে। ফেরিটি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক লাখ মানুষ দুর্ভোগে পড়ছে। একই কারণে ব্যবসায়ী ও কৃষকেরা মালামাল নদের এক পাড় থেকে অন্য পাড়ে নিতে পারছেন না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর ৭ আগস্ট রাতে ফেরিটি ভৈরব নদে ডুবে যায়। এক মাসের মাথায় ঠিকাদারি প্রতিষ্ঠান এরশাদ এন্টারপ্রাইজের মাধ্যমে এক লাখ ৭৯ হাজার ৪০০ টাকার বিনিময়ে ফেরিটি উদ্ধার করা হয়। ওই বছরের ২২ অক্টোবর ফেরিটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। সাত লাখ ৩৬ হাজার টাকা চুক্তিমূল্যে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাসির অ্যান্ড ব্রাদার্স। কার্যাদেশ পেয়ে গত ১ জানুয়ারি থেকে ঠিকাদার কাজ শুরু করেছেন। চুক্তি অনুযায়ী ৩১ মার্চ কাজ শেষ হওয়ার কথা। সরেজমিনে দেখা গেছে, ফেরিটির ইঞ্জিন মেরামতের কাজ চলছে। ঠিকাদার ফারাজী নাসির উদ্দিন বলেন, ‘কাজ প্রায় শেষের পথে। সপ্তাহ খানেকের মধ্যে ফেরিটি চালু করা সম্ভব হবে বলে আশা করছি।’এলাকাবাসী জানায়, উপজেলার শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্দিপাশা ইউনিয়নের মানুষ ফেরি দিয়ে ভৈরব নদ পার হয়ে প্রতিদিন উপজেলা সদর নওয়াপাড়ায় যায়। এ ছাড়া যানবাহন ও মালামাল পারাপারের জন্য ফেরিটির ওপর নির্ভর করতে হয়। গত প্রায় সাত মাস ফেরিটি বন্ধ থাকায় যানবাহন ও মালামাল পারাপার একেবারেই বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় লোকজন বাধ্য হয়ে নৌকায় করে এপাড় থেকে ওপাড়ে যাচ্ছে। হরিশপুর গ্রামের ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, ‘কাঠ বোঝাই ভ্যান ফেরি পার হয়ে নওয়াপাড়ায় নিয়ে যেতাম। ভালো আয় হতো। সাত মাস ধরে ফেরিটি বন্ধ থাকায় কাঠ নিয়ে যেতে পারছিনে।’ উপজেলা প্রকৌশলী এম এম এ কাশেম বলেন, ‘ডুবে যাওয়া ফেরি উদ্ধার এবং মেরামত করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। ঠিকাদারকে প্রতিদিন তাগাদা দেওয়া হচ্ছে।’