অভয়নগরে বাসকে রেল ইঞ্জিনের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরের তালতলা রেলক্রসিংয়ে শ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে রেল ইঞ্জিনের ধাক্কা লেগে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন শ্রমিক।
নিহত কদবানু (৫৫) ও নূরজাহান বেগমের (৫২) বাড়ি মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে ২২ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মহসিন রেজা বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে খুলনা থেকে যশোর অভিমুখে একটি রেল ইঞ্জিন আসছিল। ওই সময় পালা শেষে শ্রমিকদের পৌঁছে দিতে আকিজ জুট মিলের একটি বাস তালতলা থেকে মনিরামপুর উপজেলার নেংগুরহাট বাজারে যাচ্ছিল। তালতলা রেলক্রসিংয়ে গেট খোলা দেখে বাসচালক রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় রেল ইঞ্জিনটি বাসটিকে ধাক্কা দেয়।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম মোল্যা বলেন, দুর্ঘটনায় দুই নারী শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ শ্রমিক। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শ্রমিক তরিকুল ইসলাম (২৮) বলেন, ‘বাসটিতে প্রায় ৫০ জন শ্রমিক ছিলেন। তাঁদের বেশির ভাগ নারী। আমি বাসের পেছনের দিকে ছিলাম। তালতলা রেলক্রসিংয়ের গেট খোলা দেখে বাসটি রেললাইনের ওপর উঠে যায়। এ সময় একটি রেল ইঞ্জিন বাসটিকে আঘাত করে। আর কিছু মনে নেই।’
যশোর রেলওয়ে সূত্র জানায়, তালতলা রেলক্রসিংয়ে হাসান আলী নামের একজন অস্থায়ী গেটম্যান আছেন। কিন্তু দুর্ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তিনি গেটও বন্ধ করেননি। তা ছাড়া আকিজ জুট মিলের ওই বাসটিতে চালকের সহকারী ছিলেন না। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে হাসান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া রেলওয়ে যশোরের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. বদিউজ্জামান বাদী হয়ে বাসের চালক রেজাউল ইসলাম ও গেটম্যান হাসান আলীর বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা করেছেন।