অভয়নগরে বাড়িতে হামলা, চারটি ঘর ভাঙচুর
যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের রমজান আলী (৩০) নামের এক ব্যক্তির বসতবাড়িসহ চারটি ঘর গত রোববার সকালে ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।রমজান আলীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা নেয়নি। কয়েকজন গ্রামবাসী জানান, কামকুল গ্রামের রমজান আলীর পরিবারের সঙ্গে একই গ্রামের আছিরউদ্দিনের (৬০) পরিবারের চার শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।গত রোববার সকালে আছিরউদ্দিনের পরিবারের ২০-২৫ জন লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে রমজান আলীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চারটি ঘরে ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা ঘরের ভিটার মাটি কোদাল দিয়ে কেটে এবড়োখেবড়ো করে রাখে।এ ব্যাপারে চেষ্টা করেও আছিরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর ছেলে আরাফাত হোসেন বলেন, ‘ওই জায়গাটা আমাদের। আমরা তিনবার আদালতের রায় পেয়েছি। তাকে অনেকবার ওই জমি থেকে ঘরবাড়ি সরিয়ে নিতে বলেছি, কিন্তু সে তা করেনি। এ জন্য আমরা ঘরগুলো ভেঙে দিয়েছি।’