অভয়নগরে বিরল প্রজাতির মেছো বাঘ আটক
যশোরের অভয়নগর উপজেলার ভাটবিলা গ্রামে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে একটি কালভার্টের নিচ থেকে গ্রামবাসী অক্ষত অবস্থায় মেছো বাঘটি আটক করে। পরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে মেছো বাঘটি এলাকার নির্জন বনে ছেড়ে দেওয়া হয়েছে।গ্রামবাসীর কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে মেছো বাঘটি গ্রামের মানুষের হাঁস, মুরগি ও কবুতর ধরে খেয়ে আসছে। গ্রামের লোকজন বেশ কিছুদিন ধরে পাহারা দিয়েও মেছো বাঘটি ধরতে পারছিলেন না। গতকাল শুক্রবার সকালে গ্রামের বটতলার পাশে কালভার্টের নিচে মেছো বাঘটি শুয়েছিল। এ সময় গ্রামের শিবুপদ মণ্ডল, রথিন মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডলসহ কয়েকজন তরুণ কৌশলে অক্ষত অবস্থায় মেছো বাঘটি ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। পরে স্থানীয় বন কর্মকর্তার কাছে মেছো বাঘটি হস্তান্তর করা হয়।গ্রামের কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, ‘মেছো বাঘটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন ফুট এবং উচ্চতা প্রায় দুই ফুট। এটি দীর্ঘদিন ধরে হাঁস, মুরগি ও কবুতর খেয়ে গ্রামবাসীর ক্ষতি করছিল।’উপজেলা বন কর্মকর্তা সমীরণ কুমার বিশ্বাস বলেন, ‘মেছো বাঘটি বিরল প্রজাতির। এটি সম্পূর্ণ সুস্থ আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এটিকে একটি নির্জন বনে ছেড়ে দেওয়া হয়েছে।’