অভয়নগরে বীজ-সংকটে বোরোচাষিরা চিন্তিত
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বোরো ধানের ভালো মানের বীজ না পেয়ে যশোরের অভয়নগর উপজেলার চাষিরা বিপাকে পড়েছেন। বিএডিসি চাহিদার তুলনায় কম বরাদ্দ দেওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে ডিলাররা অভিযোগ করেছেন, বিএডিসির কর্মকর্তারা ওই বীজ তাঁদের বরাদ্দ না দিয়ে কালোবাজারে বেশি দামে বিক্রি করে দিয়েছেন। এই কারণে চাষিরা বীজ পাচ্ছেন না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৪ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সাত হাজার ৫৫০ হেক্টরে উচ্চফলনশীল (উফশী) এবং ছয় হাজার ৯০০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করার কথা। এসব জমিতে বোরো চাষ করার জন্য তিন লাখ ৮২ হাজার ৮৫০ কেজি বীজ প্রয়োজন।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বিএডিসির মোট চাহিদার ৬৯ হাজার ৬৪০ কেজি সরবরাহ করার কথা। কিন্তু এখন পর্যন্ত তারা উপজেলার সাতজন ডিলারের মাধ্যমে ১৯ হাজার ৩৪০ কেজি বীজ (মানঘোষিত) সরবরাহ করেছেন। বাকি বীজ সরবরাহ করার জন্য বিএডিসিকে অনুরোধ করা হয়েছে।
ডিলাররা জানান, বিএডিসি মানঘোষিত, প্রত্যায়িত ও ভিত্তি—এই তিন ধরনের বীজ সরবরাহ করে থাকে। বিএডিসির ব্রি-২৮ জাতের ভিত্তি বীজের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু এ বছর বিএডিসি কোনো ভিত্তি বীজ তাঁদের বরাদ্দ দেয়নি।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার জানান, বীজ বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর ৮০ শতাংশ বীজের অঙ্কুরোদগম হয়ে থাকে। অপর দিকে, বিএডিসির ভিত্তি বীজের ৯৫ শতাংশের অঙ্কুরোদগম হয়। এ কারণে ভিত্তি বীজের চাহিদা বেশি।
ডিলাররা জানান, এক বস্তা (১০ কেজির বস্তা) ভিত্তি বীজের নির্ধারিত দাম ৪০০ টাকা এবং মানঘোষিত বীজের দাম ৩৪০ টাকা। কিন্তু বিএডিসির কর্মকর্তারা ওই বীজ বরাদ্দ না দিয়ে বেশি দামে কালোবাজারে বিক্রি করছেন। বিএডিসির বীজ না পেয়ে অনেক চাষি বিভিন্ন প্রতিষ্ঠানের বীজ কিনছেন।
ডিলার আবদুল হাকিম জানান, বিএডিসির ব্রি-২৮ জাতের ভিত্তি বীজের চাহিদা খুব বেশি। কিন্তু আবেদন করার পরও বিএডিসির কর্মকর্তারা ওই বীজ বরাদ্দ দিতে চান না। নাম প্রকাশ না করার শর্তে এক ডিলার অভিযোগ করেন, বিএডিসির কর্মকর্তারা বস্তাপ্রতি ১০০ টাকা বেশি দামে কালোবাজারে ওই বীজ বিক্রি করছেন।
বীজ কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন বিএডিসির যশোর কার্যালয়ের উপপরিচালক (বীজ বিপণন) প্রশান্ত কুমার সাহা। তিনি জানান, এ বছর বরাদ্দ কম থাকায় ভিত্তি বীজ সরবরাহ করা যায়নি। এ ছাড়া ডিলাররা যথাসময়ে এই বীজ বরাদ্দের জন্য আবেদনও করেননি।
চাষিরা জানান, এখন বীজতলা তৈরির উপযুক্ত সময়। কিন্তু তাঁরা অনেক চেষ্টা করেও বিএডিসির ভালো মানের বীজ পাচ্ছেন না। কোদলা গ্রামের চাষি স্বপন বিশ্বাস বলেন, ‘কয়েক দিন ধরে ডিলারদের দোকানে অনেক ঘুরেও বীজ কিনতে পারিনি। কী যে করব বুঝতে পারছি না।’
সরখোলা গ্রামের চাষি আজিম ফকির বলেন, ‘প্রতিবছর বিএডিসির বীজ দিয়ে বোরোর আবাদ করি। কোম্পানির বীজ থেকে ওই বীজের মান অনেক ভালো। কিন্তু এখনো কোনো বীজ কিনতে পারিনি।’