অভয়নগরে বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন ধানখেতে খোলপচা রোগের প্রাদুর্ভাবের রেশ এখনো পুরোপুরি কাটেনি। এরই মধ্যে পাকা ধানখেতে ব্যাপকহারে আক্রমণ দেখা দিয়েছে শিষকাটা লেদাপোকার। সর্বশেষ আঘাত হেনেছে অসময়ের বৃষ্টি। দুদিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর উপজেলার পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।তবে ব্রি-১০, ব্রি-১১ ও ব্রি-৩০ জাতের ধানের শিষ বের হতে এই বৃষ্টি সহায়ক হবে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। কৃষকেরা বলছেন, আগাম ধান কেটে রবিশস্য আবাদের জন্য তাঁরা বেশি জমিতে ব্রি-৩৯ জাতের ধান চাষ করেছিলেন। রোপণের কিছুদিন পর খেতে খোলপচা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ছত্রাকনাশক ছিটিয়ে কিছুটা রোগ নিয়ন্ত্রণে আসে। সবে পাকতে শুরু করেছে ধান। এরই মধ্যে আক্রমণ দেখা দেয় শিষকাটা লেদাপোকার। পোকার শিষ কাটা থেকে রক্ষা পেতে অনেকেই একটু আগে ধান কাটা শুরু করেছেন।তাঁরা জানান, অনেকে ধান কেটে খেতে শুকাতে দিয়েছিলেন। শনিবার থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। রোববার রাত থেকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। সোমবার বিকেল থেকে শুরু হয় টানা বৃষ্টি। খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ভাসছে কাটা আমন ধান। অনেক খেতে ধানগাছ মাটিতে নুইয়ে পড়েছে। বগুড়াতলা গ্রামের কৃষক মইনুল ইসলাম (৩০) জানান, শিষকাটা পোকা ধানের শিষ কেটে দিচ্ছে। পোকায় যাতে বেশি শিষ না কাটতে পারে সে জন্য দুই বিঘা জমির ব্রি-৩৯ জাতের ধান কেটে রোদে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টিতে খুব ক্ষতি হয়ে গেছে। বৃষ্টির পানি খেতে জমে ধান ভেসে বেড়াচ্ছে। ভাটপাড়া কৃষক গৌতম নন্দী (৪০) জানান, ১০ কাঠা জমিতে ব্রি-১০ এবং ১০ কাঠা ব্রি-১১ জাতের ধান লাগিয়েছেন। পানির অভাবে ধানগাছ থেকে শিষ বের হচ্ছিল না। বৃষ্টিতে ধানের খুব উপকার হবে। কৃষি দপ্তর সূত্র জানায়, উপজেলায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাত হাজার ৮০০ হেক্টর জমি। এর মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান সাত হাজার ৫০০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩৭৫ হেক্টর। চাষ হয়েছে আট হাজার ৬৫ হেক্টর জমি। এর মধ্যে উফশী সাত হাজার ৬৯০ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ৩৭৫ হেক্টর। বৃষ্টিতে কত হেক্টর জমির উঠতি আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, এর কোনো পরিসংখ্যান দিতে পারেনি কৃষি দপ্তর। তবে দু-তিন দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে বলে ওই দপ্তর সূত্র জানিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, বৃষ্টি থেমে গেলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে খেতে বিছানো ধানের কিছুটা ক্ষতি হবে। ওই ধানে বীজ হবে না। তিনি বলেন, পানির অভাবে দেরি করে লাগানো ধানগাছ থেকে শিষ বের হচ্ছিল না। বৃষ্টিতে ওই ধানগাছ থেকে এবার শিষ বের হবে। দু-তিন দিনের মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।