যশোরের অভয়নগর উপজেলায় সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া বিক্রি হচ্ছে। আমন ধানের জন্য বরাদ্দ ইউরিয়া ব্যাপক হারে চলে যাচ্ছে মাছের ঘেরে।কৃষকেরা অভিযোগ করেছেন, সুযোগ পেয়ে ডিলার ও বিক্রয় প্রতিনিধিরা বেশি দামে ইউরিয়া বিক্রি করছেন।উপজেলা কৃষি দপ্তর সূত্র জানায়, উপজেলায় এবার আমন ধানের চাষ হয়েছে আট হাজার ৬৫ হেক্টর জমিতে। এ জন্য জুলাইয়ে ৪৭৫, আগস্টে ৩২৫ ও চলতি মাসে ১৩০ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়। উপজেলায় বিসিআইসির (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) ১২ জন ডিলার ওই সার তুলেছেন।সূত্র আরও জানায়, গত বছরের জুনে ইউরিয়ার দাম কেজিপ্রতি ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা (৫০ কেজির বস্তা এক হাজার টাকা) করা হয়। নিয়ম অনুযায়ী, ডিলার সার কারখানা থেকে ৯০০ ও বাফার গুদাম থেকে ৯৩৫ টাকায় প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) ইউরিয়া কিনবেন। ওই সার তিনি এলাকায় নিয়ে বিক্রয় প্রতিনিধির কাছে বস্তাপ্রতি ৯৭৫ বা সরাসরি কৃষকের কাছে এক হাজার টাকায় বিক্রি করবেন।কৃষকেরা অভিযোগ করেন, প্রতি কেজি ইউরিয়া তাঁদের ২১ থেকে ২২ টাকা দরে কিনতে হচ্ছে। মাছের ঘেরে চলে যাওয়ায় তাঁরা পর্যাপ্ত ইউরিয়া পাচ্ছেন না। বানীপুর গ্রামের কৃষক আসাদুল ইসলাম এক হাজার ৪০ টাকা বস্তা দরে ছয় বস্তা ইউরিয়া কিনে খেতে দিয়েছেন। তিনি জানান, ইউরিয়া ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এ জন্য প্রতি বস্তায় ৪০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। কোদলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, ‘২২ টাকা কেজি দরে ইউরিয়া কিনে খেতে দিয়েছি। বেশির ভাগ ইউরিয়া মাছের ঘেরে চলে যাওয়ায় দাম বেড়ে যাচ্ছে।’উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, উপজেলায় মাছ চাষের জন্য জলাশয় রয়েছে ৭৬৭৭ দশমিক ৪২ হেক্টর। ওই জলাশয়ে ইউরিয়া প্রয়োজন দুই হাজার ৪৯৯ মেট্রিক টন। মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আবদুর রউফ বলেন, ‘সরকারিভাবে মাছের ঘেরের জন্য ইউরিয়া বরাদ্দ নেই। ইউরিয়াসহ অন্যান্য সার বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখেছি।’উপজেলার পায়রা রুইয়ের বিলে রেজাউল ইসলাম মোল্লার বিশাল ঘের রয়েছে। ওই ঘেরে তিনি এবার ২০০ বস্তা ইউরিয়া দিয়েছেন। তিনি জানান, মাছ মোটা তাজা করতে ঘেরে ইউরিয়ার প্রয়োজন হয়, কিন্তু কোনো বরাদ্দ নেই। ধান চাষের জন্য বরাদ্দ ইউরিয়া কিনে ঘেরে দিতে হচ্ছে।প্রেমবাগ গেট এলাকার বিক্রয় প্রতিনিধি মিজানুর রহমান বলেন, ‘ডিলাররা ইউরিয়াসহ অন্যান্য সার ইউনিয়নে আনছেন না। আমাদের ঠিকমতো সার সরবরাহ করা হচ্ছে না। বারবার বলা হচ্ছে, ইউরিয়ার সংকট রয়েছে। সরকারি কোনো তদারকিও নেই। যে, যার মতো করে পারছে, বেশি দামে ইউরিয়া বিক্রি করছে।’বিসিআইসির ডিলার আবদুল লতিফ মোল্লা বলেন, ‘আমি সরকারি দরেই ইউরিয়া বিক্রি করছি। তবে কিছু কিছু ডিলার বাইরে থেকে ইউরিয়া কিনে আনছেন। শুনেছি, তাঁরাই একটু বেশি দামে বিক্রি করছেন।’উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বেশি দামে সার বিক্রির অভিযোগ পেয়েছি। অভিযানও চালিয়েছি। কিন্তু কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় ওই সব ডিলার বা বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তার পরও আমাদের তদারকি অব্যাহত আছে।’