অভয়নগরে বেশি দামে সার বিক্রি
দেশের অন্যতম বৃহৎ সার বিপণন কেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বেশি দামে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রি হচ্ছে। এই দুই ধরনের সার কৃষকদের প্রতি বস্তা (৫০ কেজি) ৭০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার গত ২১ অক্টোবর প্রতি বস্তা টিএসপি সারের খুচরামূল্য এক হাজার ১০০ টাকা, ডিএপি এক হাজার ৩৫০ টাকা ও এমওপি (মিউরেট অব পটাশ) ৭৫০ টাকা নির্ধারণ করেছে। বিসিআইসি (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) ও বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) ডিলার ও সরকার মনোনীত খুচরা সার বিক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে সার কিনতে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নওয়াপাড়া বাজারে মাইকিং করা হয়েছে। ডিলার ও সরকার মনোনীত খুচরা সার বিক্রেতা ছাড়া অন্য কোনো ব্যবসায়ীকে সার বিক্রি করতে না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে স্থানীয় প্রশাসন।প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত রোববার নওয়াপাড়ার শতাধিক সার ব্যবসায়ী স্টেশন বাজার এলাকায় সমাবেশ করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেন। নওয়াপাড়া বাজারে সারের বিভিন্ন দোকান ঘুরে বেশি দামে সার বিক্রি হতে দেখা গেছে। টিএসপি সার এক হাজার ২৩০ থেকে এক হাজার ২৪০ টাকা এবং ডিএপি এক হাজার ৪২০ টাকা থেকে এক হাজার ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যপুর গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, ‘এক বস্তা টিএসপি (তিউনিসিয়ায় তৈরি) এক হাজার ২৫০ টাকায় কিনেছি।’ সরকার মনোনীত খুচরা সার বিক্রেতা মফিজুর রহমান অভিযোগ করেন, ‘আমাদের বেশির ভাগ টিএসপি (চীন) বরাদ্দ দেওয়া হচ্ছে। কিন্তু অনেক কৃষক টিএসপি (তিউনিসিয়া) চায়। এই সুযোগে কিছু আমদানিকারক ও সার ব্যবসায়ী বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করছেন। আর আমাদের সার অবিক্রীত পড়ে থাকছে।’ নাম প্রকাশ না করার শর্তে একজন সার ব্যবসায়ী বলেন, কোনো কোনো এলাকার ডিলাররা বরাদ্দের সার এলাকায় না নিয়ে এখানে বিক্রি করে যাচ্ছে। আমরা ওই সার কিনে নির্ধারিত দামের চেয়ে একটু বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করছি।’উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘কৃষক যাতে সরকার নির্ধারিত দামে সার কিনতে পারে, এ জন্য শুধু ডিলার ও মনোনীত খুচরা সার ব্যবসায়ীদের মাধ্যমে সার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে মাইকিংও করা হয়েছে। বেশি দামে কেউ সার বিক্রি করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’