অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলার তালতলায় গত সোমবার রাতে সন্ত্রাসীরা ফোন-ফ্যাক্সের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।নিহত ব্যক্তির নাম জাহিদ হাসান (৪০)। তাঁর বাড়ি উপজেলার একতারপুর গ্রামে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সন্ত্রাসীরা জাহিদ হাসানের দোকানে ঢুকে তাঁকে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে। পার্শ্ববর্তী রেলগেট এলাকায় নিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় সন্ত্রাসীরা একটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। নিহতের চাচাতো ভাই আমজাদ হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার ১৫ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত সুমন (২২) ও সুরত আলীকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। অভয়নগর থানার উপপরিদর্শক (্এসআই) খবির হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।