অভয়নগরে ভেজাল এমওপি সার ও উপকরণ জব্দ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেল স্টেশন এলাকার একটি গুদাম থেকে বৃহস্পতিবার রাতে ৯৯ বস্তা ভেজাল মিউরেট অফ পটাশ (এমওপি) সার এবং এই সার তৈরির ১৫২ বস্তা ভেজাল উপকরণ জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়া রেল স্টেশন বাজার এলাকার আবদুল মালেকের হাছান ট্রান্সপোর্ট এজেন্সির গুদামে অভিযান চালায়। এ সময় তারা ভেজাল এমওপি সার ও এই সার তৈরির উপকরণ জব্দ করে। পরে ইউএনও গুদামটি সিলগালা করে দেন। এ ঘটনায় অভয়নগর থানার উপপরিদর্শক (্এসআই) সিদ্দিক আহমেদ বৃহস্পতিবার রাতেই ৬ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ভেজাল সার তৈরির সঙ্গে জড়িত চক্রের অন্যতম নেতা জিহাদ মোল্লাকে আটক করে। মামলার অন্য আসামিরা হচ্ছে—রওশন আলী, আবদুল মালেক, আজিম শেখ, হাবিব শেখ এবং কামাল হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস জানান, ভেজাল এমওপি সার তৈরির উপকরণ বালু, ডলোমাইট পাউডার এবং পাথরের গুঁড়া জব্দ করা হয়েছে।