অভয়নগরে ভৈরব নদ খনন শুরু
খুলনার কাস্টমস ঘাট থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদ খনন শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ১৯ ফেব্রুয়ারি অভয়নগরের মধ্যপুর এলাকায় এ কাজ শুরু করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মধ্যপুর এলাকায় ভৈরব নদ থেকে লোহার পাইপ জোড়া দিয়ে একটি ডোবা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। খননযন্ত্র দিয়ে কাটা মাটি পানির সঙ্গে পাইপের মধ্য দিয়ে ডোবায় গিয়ে পড়ছে।
খননকাজ তদারকি করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ ড্রেজার্সের তত্ত্বাবধায়ক জুয়েল রানা। তিনি বলেন, দিনরাত খননকাজ চলছে। নদ থেকে প্রচুর ময়লা উঠছে। এতে পাইপ আটকে যাচ্ছে। এ কারণে ১০-১৫ মিনিট পরপর খননযন্ত্র বন্ধ রেখে পাইপ পরিষ্কার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদের দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার। এর মধ্যে খুলনা থেকে শিরোমণি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মোটামুটি ভালো। শিরোমণি থেকে নওয়াপাড়া পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটারের অবস্থা বেশি খারাপ। সবচেয়ে খারাপ অবস্থা নওয়াপাড়া নদীবন্দরের প্রায় সাড়ে ১২ কিলোমিটার এলাকা। সব মিলিয়ে নৌপথটির সাড়ে ২৭ কিলোমিটার খনন করা হবে। এ জন্য গত ৬ জুন দরপত্র আহ্বান করা হয়। ২০ জুলাই ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ২১ জুলাই দরপত্র যাচাই-বাছাই করা হয়। মেসার্স বঙ্গ ড্রেজার্স এ কাজ পায়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা। গত নভেম্বরে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। কাজের মেয়াদ কার্যাদেশের তারিখ থেকে ৭২০ দিন।
বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী মো. দিদার এ আলম গতকাল বলেন, ‘ফেব্রুয়ারির শুরু থেকে নদটি খননের প্রক্রিয়া শুরু করা হয়। প্রথমে খননের পর মাটি ফেলার জায়গা নির্ধারণ করা হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে নদটি খনন শুরু করা হয়েছে। প্রথমে যশোরের নওয়াপাড়া থেকে খনন শুরু করা হয়েছে। নদের অনেক জায়গা বেশি উঁচু হয়ে আছে। ওই সব জায়গায় পণ্যবাহী জাহাজ আটকে যাচ্ছে। আমরা আগে ওই জায়গাগুলো খনন করব। পর্যায়ক্রমে খুলনা-নওয়াপাড়া নৌপথের অবশিষ্ট অংশ খনন করা হবে।’
মেসার্স বঙ্গ ড্রেজার্সের প্রকৌশলী সৈয়দ রাসেল বলেন, ‘একটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে খননের কাজ শুরু করা হয়েছে। প্রয়োজন অনুসারে খননযন্ত্রের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে ২৪ ঘণ্টা খননকাজ করা হচ্ছে। তবে বেশি পরিমাণে ময়লা ওঠার কারণে খননে বেশ সমস্যা হচ্ছে।’