অভয়নগরে ভৈরব নদের তীর থেকে আরও ২৩টি স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের তীর থেকে আরও ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় গতকাল বুধবার এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এই নিয়ে গত দুই দিনে নদের তীর থেকে মোট ৫৭টি স্থাপনা উচ্ছেদ করা হলো।
নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, অভয়নগর উপজেলার ভাটপাড়া থেকে মহাকাল শ্মশানঘাট পর্যন্ত ভৈরব নদের উভয় পাড়ের তীরভূমিতে ৬ কিলোমিটার করে ১২ কিলোমিটারজুড়ে ৮৬টি অবৈধ স্থাপনা রয়েছে। চার ধাপে ওই স্থাপনা উচ্ছেদ করা হবে। এর মধ্যে গত মঙ্গলবার প্রথম ধাপে নওয়াপাড়া মাছবাজার থেকে ফেরিঘাট পর্যন্ত ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল ওই একই এলাকা থেকে আরও ২৩টি আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যশোর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান গতকাল দ্বিতীয় দিনেও এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
সূত্র জানায়, দুই দিনে উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে কাঁচা ও টিনের স্থাপনা ১২টি, আধা পাকা স্থাপনা ৩৫টি এবং পাকা স্থাপনা ১০টি।
নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘সিএস ম্যাপ অনুযায়ী ভাটপাড়া থেকে মহাকাল শ্মশানঘাট পর্যন্ত নদের দুই পাড়ের তীরভূমিতে ৮৬টি অবৈধ স্থাপনা রয়েছে। গত দুই দিনে এর মধ্যে ৫৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চার ধাপে ভৈরব নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথম ধাপে মঙ্গলবার ৩৪টি এবং দ্বিতীয় ধাপে গতকাল আরও ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট অবৈধ স্থাপনা আরও দুই ধাপে উচ্ছেদ করা হবে।’